আবাহনীকে জেতালেন নাসির
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ছোট সংগ্রহ নিয়েও বোলারদের দাপটে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডে তাদের ৬৯ রানের জয়ে দারুণ অবদান নাসির হোসেনের।
৮ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাচ সেরা নাসির। এর আগে ব্যাটিংয়ে ২৬ রান করেন তিনি।
নবম রাউন্ড শেষে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে আবাহনী। রান রেটে পিছিয়ে তিন নম্বরে রয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯১ রান করে আবাহনী।
আব্দুল মজিদের (৩৭) সঙ্গে লিটন কুমার দাসের ৮৪ রানের উদ্বোধনী জুটি আবাহনীকে ভালো সূচনা এনে দেয়।
প্রথম ব্যাটসম্যান হিসেবে লিটনের (৪০) বিদায়ের পরপরই দিক হারায় আবাহনী। তবে শেষ দিকে সাকলাইন সজীব (অপরাজিত ৩১) ও নাজমুল অপুর (২২) দৃঢ়তায় দুইশ’ রানের কাছাকাছি যায় দলটির সংগ্রহ।
ব্রাদার্সের ডেনলি জোসেফ লিয়াম ৩ উইকেট নেন ১৯ রানে।
জবাবে ৪১ ওভার ২ বলে ১২২ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স।
ইয়াসির আলী চৌধুরীর (১৬) সঙ্গে অভিষেক মিত্রর ৪২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি ব্রাদার্স।
সর্বোচ্চ ২৫ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ১১ নম্বর ব্যাটসম্যান আসিফ হাসানের ব্যাট থেকে।
আবাহনীর সাকলাইন ও নাজমুল দুটি করে উইকেট নেন।
এই ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদের। কিন্তু কুঁচকির চোটের কারণে খেলা হয়নি তার।
