২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে নিষিদ্ধ হাফিজ

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পাকিস্তানের স্পিনার মোহাম্মদ হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 02:43 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

এর আগে একই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় পাকিস্তানের সেরা স্পিনার সাইদ আজমলের বোলিং।

আইসিসি রোববার এক বিবৃতিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর হাফিজের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়।

গত মাসে আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট চলার সময় আম্পায়াররা ৩৪ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এরপর লাফবরোতে ২৪ নভেম্বর হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার পর দেখা যায় বল সব ধরণের ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।

কারো বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে ওই বোলারকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে হয়। ওই শর্ত পূরণ করতেই লাফবরোতে হাফিজকে বোলিং অ্যাকশন পরীক্ষা করতে পাঠিয়েছিল পাকিস্তান।

আইসিসির অনুমোদিত বায়ো-মেকানিক্স বিশেষজ্ঞরা লাফবরোতে ন্যাশনাল ক্রিকেট পারফর্মেন্স সেন্টারে হাফিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা করেন।

হাফিজ অবশ্য তার বোলিং অ্যাকশন শুধরে নতুন করে পরীক্ষার জন্য আইসিসির কাছে আপিল করতে পারবেন।