সৌম্যর প্রথম শতকে প্রাইম ব্যাংকের জয়
সৌম্য সরকারের শতকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নবম রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টানা আটটি জয় পেল শিরোপা প্রত্যাশী দলটি।
রান আউট হওয়ার আগে ১২৭ রানের চমৎকার এক ইনিংস খেলেন সৌম্য। এটা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের ক্যারিয়ারে প্রথম শতক। তার ১৪৭ বলের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।
লড়াই করার মতো পুঁজি পাওয়ার পর তাসকিন আহমেদ ও শুভাগত হোম চৌধুরীর মারাত্মক বোলিংয়ে ১৩৪ রানে বড় জয় পায় প্রাইম ব্যাংক।
নবম রাউন্ডে অষ্টম এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান সুসংহত করেছে রয়েছে প্রাইম ব্যাংক।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫১ রান করে প্রাইম ব্যাংক।
সৈকত আলীর সঙ্গে ৭৫, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৬৯ ও শুভাগতর সঙ্গে ৭৩ রানের তিনটি জুটি উপহার দিয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন সৌম্য।
শুভাগত দ্বিতীয় সর্বোচ্চ ৩০, সৈকত ২৬ ও মাহমুদুল্লাহ ২৫ রান করেন।
পারটেক্সের নুরুজ্জামান মাসুম ৪ উইকেট নেন ২৩ রানে।
জবাবে প্রাইম ব্যাংকের বোলারদের দাপটে ৪২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। নয় ম্যাচে এটি তাদের সপ্তম হার।
পারটেক্সের রেজাউল করিম ২৪ ও আব্দুল্লাহ আল মামুন ২৩ রান করেন।
১৬ রানে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার তাসকিন। শুভাগত ৩ উইকেট নেন মাত্র ১১ রানে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অলরাউন্ডার সৌম্যর। ওয়ানডে অভিষেকের পর এই তরুণ এখন স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার।
“প্রথম শতক পেয়ে খুব ভালো লাগছে। পরের সাত ম্যাচে ভালো খেলে বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে চাই।”
