২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরফরাজের ব্যাটে পাকিস্তানের জয়

নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে পাকিস্তান। সরফরাজ আহমেদের অর্ধশতকে সহজেই ৭ উইকেটে জিতেছে শহীদ আফ্রিদির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 01:43 AM

Updated : 22 Aug 2022, 08:02 PM

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটা ৫০তম জয়। সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে প্রথম দল হিসেবে ৫০ ম্যাচ জিতল তারা।

ইনিংসের প্রথম তিন ওভারে ১৫ রান করতেই ৩ উইকেট হারিয়ে বসে নিউ জিল্যান্ড।

এরপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠলেও রানের গতি বাড়াতে পারেননি কোরি অ্যান্ডারসন। ৩০ বলে ৩২ রান করেন গাপটিল।

পঞ্চম উইকেটে অ্যান্ডারসন ও লুক রনকি মিলে ৩৫ বলে ৫১ রানের জুটি গড়ে বড় ইনিংসের আশা জাগান। কিন্তু ৪৮ রান করে অ্যান্ডারসন ফিরে গেলে সেটা আর হয়নি।

৩৭ বলের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা মারেন অ্যান্ডারসন। আর ২৮ বলে ৪টি চারের সাহায্যে ৩৩ রান করেন রনকি।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন সোহেল তানভির ও মোহাম্মদ ইরফান।

অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫১ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয় পাকিস্তানের। কিন্তু পর পর দুই ওভারে ওয়াইজ জিয়া (২০) এবং মোহাম্মদ হাফিজ (২) আউট হয়ে গেলে কিছুটা হোঁচট খায় স্বাগতিকরা।

অবশ্য দলকে কোনোরকম দুর্ভাবনায় পড়তে দেননি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। অপরাজিত ৭৬ রান করে দলকে লক্ষ্যে পৌছে দেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এটাই তার সর্বোচ্চ ইনিংস।

৬৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

আরেক অপরাজিত ব্যাটসম্যান উমর আকমল ১৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করেন।

শুক্রবার এই মাঠেই হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৭ (গাপটিল ৩২, উইলিয়ামসন ০, ডেভসিচ ১, টেইলর ৪, অ্যান্ডারসন ৪৮, রনকি ৩৩, নিশাম ৬, ম্যাককালাম ১*, মিলনে ২*; তানভির ২/২৪, ইরফান ২/২৭, আনোয়ার ১/১৫, রাজা ১/২৪, আফ্রিদি ১/২৭)

পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪০/৩ (সরফরাজ ৭৬*, জিয়া ২০, হাফিজ ২, সোহেল ১১, আকমল ২৭*; ম্যাকক্লেনাগান ১/২১)