২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ভারতের প্রাথমিক দলে নেই যুবরাজ

চার বছরেই মুদ্রার উল্টো পিঠা দেখলেন যুবরাজ সিং। গত বিশ্বকাপে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা, আর এবার তিনি প্রাথমিক দলেই জায়গা পেলেন না। ফর্ম না থাকায় নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অনেকেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 09:18 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বসবে বিশ্বকাপের আগামী আসর। বিশ্ব সেরার মর্যাদা ধরে রাখার লড়াইয়ের জন্য বৃহস্পতিবার ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

শুধু যুবরাজ নন, এই দলে নেই বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, জহির খান এবং হরভজন সিংয়ের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রাও।

প্রাথমিক দলে জায়গা না পেলেও ১৫ সদস্যের মূল দলে ডাক পাওয়ার সম্ভাবনা অবশ্য এখনও আছে যুবরাজ-শেবাগদের। তবে সাম্প্রতিক ফর্মের বিবেচনায় সে সম্ভাবনা খুবই কম।

গত দুই বছরে ১৩টি ওয়ানডে খেলে ২০.২৩ গড়ে রান করেন শেবাগ। একই সময়ে গম্ভির ৩০ ম্যাচে ২৩.৫৮ গড়ে রান করেন। বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাব দলের অধিনায়ক হিসেবে খেলা হরভজন ৬ ম্যাচে ৭ উইকেট নেন। একই দলের হয়ে ৫ ম্যাচে যুবরাজ করেন ১৬৮ রান। আর পেসার জহির খান তো গত মে মাসের আইপিএলের পর প্রতিযোগিতামূলক কোনো ম্যাচই খেলেননি। ওয়ানডের সর্বোচ্চ প্রতিযোগিতায় দেশের মাটিতে ভারতকে চ্যাম্পিয়ন করা দলের মাত্র চার জনই ২০১৫ সালের বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পেয়েছেন। তারা হলেন, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিন। আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রতিটি দেশকে ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দিতে হবে। ভারতের ৩০ সদস্যের প্রাথমিক দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদব, মনোজ তিওয়ারি, মানিশ পান্ডে, মুরালি বিজয়, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেশ যাদব, বরুন অ্যারন, ধাওয়ান কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, অশোক দিন্দা, রবিচন্দ্রন অশ্বি, পারভেজ রাসুল, কর্ন শর্মা, অমিত মিশ্র, রবিন্দ্র জাদেজা, আকশার প্যাটেল, কুলদিপ ইয়াদপ, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, ঋধিমান সাহা।