২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদলের বক্তব্যের প্রতিবাদ বিসিবির

বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে বিভিন্ন বিষয় নিয়ে লিখিত অভিযোগ করেছিলেন প্রিমিয়ার ক্রিকেট লিগের দল লেজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। পরে খোদ নাজমুল হাসানকেই কাঠগড়ায় দাঁড় করান তিনি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রকদের লক্ষ্য করে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার গণমাধ্যমে বাদলের বক্তব্য প্রকাশিত হওয়ার পর বিসিবি এই প্রতিবাদ জানাল।

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, প্রিমিয়ার লিগের আম্পায়ার নিয়োগ সম্পর্কে বিসিবি সভাপতি ও পরিচালকবৃন্দ সম্পর্কে বাদল যে মন্তব্য করেছেন, তা ‘শালীনতা বিবর্জিত, কুরুচিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত’।

বিসিবি মনে করে, বাদল ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থের জন্য সংসদ সদস্য ও আইসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নাজমুল হাসান ও বিসিবি পরিচালকদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন।

বৃহস্পতিবার বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, বাদল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটি স্বনামধন্য ক্রীড়া ফেডারেশনের সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালিয়েছেন।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জের হারের পর বাদল বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠেন।

“আর এরা তো সব চোরচোট্টা। আমি মনে করি, সব কটাই চোর।”
তিনি জানান, প্রয়োজনে লিগ থেকে দল প্রত্যাহার করবেন তিনি।

বিসিবি সভাপতি প্রসঙ্গে বাদল বলেন, “মুখে যত বড় কথাই বলুন, উনি নিজে এই ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। ওনার কর্মচারী মল্লিককে (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক) দিয়ে সব করানো হয়। সে-ই সূচি থেকে শুরু করে মাঠ, আম্পায়ার বোর্ডের সব কিছু করে।”

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক হিসেবে অভিহিত করেন বাদল।

“বোর্ড সভাপতি বেক্সিমকোর চাকুরে। মল্লিক আরো নিচের পোস্টে চাকরি করে। সিম্পল চাকর সে। চাকর-বাকরদের দিয়ে ক্রিকেট চালালে দেশের ক্রিকেটের উন্নতি হবে কীভাবে?”