‘ক্লাবের চেয়ে দেশ বড়’
ক্লাব নয়, জাতীয় দলকে সবার ওপরে রাখা উচিত বলে মনে করছেন বিসিবি প্রধান নাজমুল হোসেন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, “আমি ক্লাবগুলোর দিকে তাকালে এই সিরিজ আমাকে বাদ দিতে হত। বা অন্তত তিনটা টেস্ট ম্যাচ হত না।”
নাজমুল হাসান জানান, জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই ক্লাবগুলোকে খেলতে রাজি করান তারা।
“আমাদের অনেকগুলো তামিম, সাকিব নাই তো, সেই জন্যই এই সমস্যাটা। ক্লাবগুলো অবশ্যই চাইবে সেরা খেলোয়াড়দের নিয়ে খেলতে।”
জাতীয় দলের খেলা না থাকলে খেলোয়াড়দের ক্লাবের হয়ে খেলতে দিতে কোনো আপত্তি নেই বিসিবি প্রধানের। কিন্তু আন্তর্জাতিক খেলা থাকলে অবশ্যই খেলোয়াড়দের ছাড়তে হবে বলে জানান তিনি।
ই-মেইলে এক চিঠির মাধ্যমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জ বেশ কয়েকটি অভিযোগ করেছির বিসিবি সভাপতির কাছে।
বিসিবি সভাপতি এই ব্যাপারে জানান, যদি কোনো ক্লাবের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়ে থাকে অবশ্যই তিনি তা বন্ধ করবেন।
“বোর্ডের সঙ্গে কোনো ক্লাবের ঝামেলার কথা আমার জানা নেই। ওদের যদি ‘ডিস্টার্ব’ করা হয়ে থাকে তবে অবশ্যই এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”
নাজমুল হাসান জানান, মিরপুরে রূপগঞ্জকে খেলতে না দেয়ার অভিযোগ সঠিক নয়। বরং তারাই এখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। আম্পায়ারদের ব্যাপারে একটি অভিযোগ রয়েছে রূপগঞ্জের। এই ব্যাপারে তিনি জানান, কোনো ক্লাবের পছন্দে আম্পায়ার নির্ধারণ করার কোনো সুযোগই নেই।
চতুর্থ ওয়ানডের দলে ডাক পাওয়ার পর দিন লিগ ম্যাচ খেলেন প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের তাইজুল ইসলাম। কিন্তু একই দিনে ডাক পাওয়া রূপগঞ্জের পেসার আবুল হাসানকে খেলার জন্য ছাড়া হয়নি। এই ব্যাপারেও বিসিবি সভাপতির কাছে অভিযোগ করে দলটি।
“আগামী কাল খেলা থাকলে সেই খেলোয়াড় কোনো অবস্থাতেই অন্য খেলা খেলতে পারবে না। এই টুকু তাদের (টিম ম্যানেজমেন্ট) সঙ্গে আমার কথা হয়েছিল। তার মানে সে (তাইজুল) তালিকায় ছিল না।”
চতুর্থ ওয়ানডেতে খেলেননি তাইজুল। সেই ম্যাচ দিয়ে দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন পেসার হাসান। পরের ম্যাচেই অভিষেক হয় বাঁহাতি স্পিনার তাইজুলের।
