অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট অ্যাডিলেইডে
ব্রিসবেনে নয়, অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ শুরু হবে অ্যাডিলেইডে। আগের সূচি থেকে ম্যাচটি তিন দিন এগিয়ে আগামী ৯ ডিসেম্বর শুরু হবে।
সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
আগের সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বলের আঘাতে ফিলিপ হিউজের মৃত্যু সব কিছু ওলট পালট করে দিয়েছে।
হতভাগ্য অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের অন্ত্যেষ্টিক্রিয়া হবে আগামী বুধবার। নিউ সাউথ ওয়েলসে হিউজের নিজের শহর ম্যাকসভিলেই তাকে চিরবিদায় জানাবে তার স্বজন এবং সতীর্থরা।
এ কারণে ব্রিসবেন টেস্ট পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত আগেই জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
নতুন সূচি অনুযায়ী, ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ম্যাচটি।
সিরিজের তৃতীয় বা টেস্ট শুরুর দিন অবশ্য পরিবর্তন হয়নি। আগামী ২৬ ডিসেম্বরে শুরু হবে ম্যাচটি।
সিরিজের চতুর্থ বা শেষ টেস্টের সময় পাল্টেছে। নতুন সূচিতে সেটা শুরু হবে ৬ জানুয়ারি।
গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস। পরে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু চেতনা ফিরে পাননি এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।
