২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিন, সৈকত, সাদমানের নৈপুণ্যে শীর্ষে প্রাইম ব্যাংক

তাসকিন আহমেদের ভালো বোলিংয়ের পর সাদমান ইসলাম ও সৈকত আলীর দুটি অর্ধশতকে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর এই জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 06:05 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

রোববার সপ্তম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ৭ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ২০৫ রানে অলআউট হয় শেখ জামাল।

দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫০ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান। ৭.২ ওভারে ব্যক্তিগত ১৯ রানে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন মাইশুকুর। পরে ফিরে আসা মাইশুকুর ৫৯ বলে ৫টি চারে এই রান করেন।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। জাতীয় দলের বাইরে থাকা এই পেসার ১০ ওভার বল করে ২৬ রান দেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সাদমান ও শুভাগত হোমের উইকেট হারিয়ে জয় পায় প্রাইম ব্যাংক।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন সাদমান। ৯৫ বলের ইনিংসটিতে ৮টি চার মারেন তিনি। আহত অবসর হওয়ার আগে ৩টি চার ও দুটি ছয়ে ১১৩ বলে ৬৮ রান করেন সৈকত।