এবার ক্রিকেট বলে প্রাণ গেল আম্পায়ারের
ক্রিকেট বলের আঘাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউসের মৃত্যুর দুই দিন পর এবার প্রাণ হারালেন ইসরায়েলের এক আম্পায়ার।
শনিবার শনিবার ইসরায়েলের অ্যাশডড শহরে ক্রিকেট লিগের ম্যাচ চলার সময় দুর্ঘটনাটি ঘটে। হতভাগ্য আম্পায়ার হিলেল আওয়াস্কের ইসরায়েলের জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন।
৫৫ বছর বয়সী ওই আম্পায়ারের ঘাড়ে বলের আঘাত লাগে। এক জন খেলোয়াড় ইসরায়েলের একটি ওয়েব পোর্টালকে জানান, ব্যাটসম্যানের শটে বলটি সরাসরি বোলারের প্রান্তে থাকা স্টাম্পে লেগে আম্পায়ারের গায়ে লাগে।
গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে পাশের শহর অ্যাশকেলনের একটি হাসপাতালের নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
১৯৮২ সাল থেকে পাঁচবার আইসিসি ট্রফিতে ইসরায়েলের হয়ে খেলেন আওয়াস্কের। ২০০৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপে দেশের হয়ে শেষ খেলেছিলেন তিনি।
বাঁ-হাতি স্পিনার ও হার্ড-হিটিং টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত আওয়াস্কের অ্যাশডড ‘এ’ দলের হয়ে ২৪৪ রান করেছিলেন যা স্থানীয় লিগে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।
ইসরায়েলে ক্রিকেট বড় কোনো ক্রীড়া নয়। তবে অ্যাশডডে ভারত থেকে আসা ইহুদিদের বসতি আছে বলে সেখানে ক্রিকেট জনপ্রিয়।
গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।
সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, হিউসের অবস্থা আশঙ্কাজনক। পরে আর চেতনা ফিরে পাননি এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।
