২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউসের শেষকৃত্য নিজের শহরে

বলের আঘাতে না ফেরার দেশে চলে যাওয়া ফিলিপ হিউসের শেষকৃত্য হবে আগামী বুধবার। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারকে নিউ সাউথ ওয়েলসে তার নিজের শহর ম্যাকসভিলে চিরবিদায় জানাবে তার স্বজন এবং সতীর্থরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

স্থানীয় সময় দুপুর দুইটায় ম্যাকসভিল হাই স্কুলের মিলনায়তনে হিউসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে। এই বিদ্যালয়েই পড়াশুনা করেছিলেন তিনি।

সাবেক এই ব্যাটসম্যানের শেষকৃত্য অস্ট্রেলিয়ায় কয়েকটি টিভি চ্যানেলে সরাসরি প্রচার করা হবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেইড ওভালে বড় পর্দায়ও তা দেখানো হবে।

গত মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।

সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, হিউসের অবস্থা আশঙ্কাজনক। আর চেতনা ফিরে পাননি এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।

২৫ বছর বয়সী হিউসের শেষকৃত্যের কারণে অস্ট্রেলিয়া এবং ভারতের প্রথম টেস্ট পিছিয়ে দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ব্রিসবেনের এই ম্যাচের টিকিট বিক্রিও বাতিল করা হয়েছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে।