২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়া নিউ জিল্যান্ডের বড় লিড

ব্যক্তিগত অর্জন আর দলীয় রেকর্ড গড়ার মধ্যে দিয়ে শারজাহ টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ২৮৬ রানে এগিয়ে আছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 09:29 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

৮ উইকেটে ৬৩৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ৩৪ রান নিয়ে উইকেটে আছেন বল হাতে ৭ উইকেট নেয়া মার্ক ক্রেইগ। দিনের শেষ বলে আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতক করেন টিম সাউদি। ঠিক ৫০ রান করে আউট হন তিনি।

নিউ জিল্যান্ডের বড় সংগ্রহে মূল অবদান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসনের। ক্যারিয়ারের চতুর্থ দ্বিশতক করেন ম্যাককালাম। আর উইলিয়ামসন ৮ রানের জন্য ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করতে পারেননি।

টেস্ট ক্রিকেটে চতুর্থ দ্রুততম দ্বিশতক করলেন ম্যাককালাম। ১৮৮ বলে ২০২ রানের ইনিংসটি তিনি ২১টি চার ও ১১টি ছয়ে সাজান। আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসনের সঙ্গে ২৯৭ রান তোলেন তিনি।

উইলিয়ামসন ১৯২ রানের ইনিংসটি খেলেন ২৪৪ বলে। ২৩টি চার ও একটি ছয় মারেন তিনি।

পরের ব্যাটসম্যানরাও ভালোই রান তোলেন। ৩টি চার ও দুটি ছয়ে ৫০ রান করেন রস টেইলর। আর কোরি অ্যান্ডরসন তার ৫০ রানের ইনিংসটি সাজান ৭টি চার ও দুটি ছয়ে।

দুটি ছয় মারেন সাউদিও। একটি ছয় মারেন ক্রেইগ। সব মিলিয়ে এই ইনিংসে এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের ছয়ের সংখ্যা ১৯টি। কোনো টেস্টের এক ইনিংসে এটাই কোনো দলের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৩ সালে পার্থে অস্ট্রেলিয়ার মারা ১৭টি ছয় ছিল আগে কোনো দলের এক ইনিংসে সর্বোচ্চ।

বোলারদের জন্য হতাশার দিনে সবচেয়ে সফল পাকিস্তানের পেসার রাহাত আলি। ৮৯ রানে ৪ উইকেট নেন তিনি। লেগ স্পিনার ইয়াসির শাহ ৩ উইকেট নিতে খরচ করেন ১৬৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান প্রথম ইনিংস: ১২৫.৪ ওভারে ৩৫১ (হাফিজ ১৯৭; ক্রেইগ ৭/৯৪)।

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ১৩০ ওভারে ৬৩৭/৮ (ল্যাথাম ১৩, ম্যাককালাম ২০২, উইলিয়ামসন ১৯২, টেইলর ৫০, অ্যান্ডারসন ৫০, ভেটোরি ১৫, ওয়াটলিং ৮, ক্রেইগ ৩৪*, সাউদি ৫০; রাহাত ৪/৮৯, ইয়াসির ৩/১৬৯, হাফিজ ১/৯১)।