ক্রিকেট মহাসড়কে যাত্রা সাঙ্গ হিউসের
মাত্র ৩ হাজার মানুষের শহর ম্যাকসভিলের ওপর দিয়ে গেছে সিডনি থেকে ব্রিসবেইন পর্যন্ত বিস্তৃত প্যাসিফিক হাইওয়ে। ভালোবাসার টানে ছোট্ট এই ম্যাকসভিল শহর থেকেই ক্রিকেট মহাসড়কে যাত্রা শুরু করেছিলেন ফিল হিউস।
ঘরোয়া ক্রিকেটের পথ মাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা করে নেন হিউস। টেস্ট ম্যাচও খেলেন ২৬টি।
১৯৮৮ সালের ৩০ নভেম্বর ম্যাকসভিলে জন্ম নেয়া এই ক্রিকেটার ২৭ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস। তাকে অ্যাম্বুলেন্সে করে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন হিউস।
অল্প বয়স থেকেই ক্রিকেটের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিলেন হিউস। একদিন অস্ট্রেলিয়ার ‘ব্যাগি গ্রিন’ টুপি পড়ার স্বপ্ন তাড়া করার পথে ১২ বছর বয়সে ম্যাকসভিলের আরএসএল ক্রিকেট ক্লাবে খেলতে শুরু করেন তিনি।
হিউসের পরিচিতজনেরা কখনোই তার সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন না। সবার ভাবনাকে সত্যি করে হিউস নিজের স্বপ্নকে আলিঙ্গন করেন ২০০৯ সালে। এ বছরের মার্চ মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখেন হিউস।
অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোনো রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করেন হিউস। আর দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই শতক করে যেন আরেকজন ক্রিকেট তারকার আগামণী বার্তা ঘোষণা করেন। এক টেস্টের দুই ইনিংসে শতক করা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারও হয়ে যান তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্ট নিয়ে এ পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেন হিউস। ৩টি শতকসহ ৩২.৬৫ গড়ে ১ হাজার ৫৩৫ রান করেন তিনি। ওয়ানডে খেলেন ২৫টি; দুটি শতকসহ ৩৫.৯১ গড়ে ৮২৬ রান করেন।
ম্যাথু হেইডেনের অবসরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে একজন উদ্বোধনী ব্যাটসম্যানের শূন্যতার সময়ে হিউজের আবির্ভাব। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানেই সবাই হেইডেনের অভাব পূরণের সম্ভাবনা দেখেছিলেন।
হঠাৎ করে আবির্ভাবের মতোই আবার দল থেকে বাদ পড়েন হিউস। গত কয়েক বছর ধরেই দলে বেশ অনিমিয়ত ছিলেন এই প্রতিভাবান ব্যাটসম্যান।
দলে ফেরার জন্য খুব পরিশ্রম করে যাচ্ছিলেন হিউস। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে যে ম্যাচে মাথায় চোট পান, সেই ম্যাচেও বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়ার আগে ৬৩ রানে ব্যাট করছিলেন হিউস। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফেরার খুব সম্ভাবনা ছিল তার।
হিউসের এই পরিশ্রম করা, তার ক্যারিয়ার পরিসংখ্যান; এসবে এখন আর কিছু এসে যায় না। দলে জায়গা পাওয়া আর হারানোরও ওপরে চলে গেছেন তিনি। ক্রিকেট বিশ্বে এখন শুধুই প্রতিভাবান ও পরিশ্রমী এক ক্রিকেটারকে হারানোর মাতম।
