খালি হাতে ফিরতে চায় না জিম্বাবুয়ে
বাংলাদেশ সফরে প্রাপ্তির খাতা এখনো শূন্য জিম্বাবুয়ের। টেস্টের পর ওয়ানডে সিরিজও খোয়ানো দলটি শূন্য হাতে ফিরতে চায় না। শেষ দুটি ওয়ানডেতে জয় চান জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে চতুর্থ ওয়ানডে। তার আগের দিন সাংবাদিকদের সামনে দলের প্রতিনিধি হয়ে আসেন মাসাকাদজা। তিনি জানান, খালি হাতে দেশে ফিরতে চান না তারা।
“এবারের সফর এখন পর্যন্ত আমাদের জন্য খুব হতাশাজনক। কিছুই আমাদের পক্ষে যায়নি। আশা করি, শেষটা আমাদের হবে।”
৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে আছেন মাসাকাদজা।
“সিরিজ শেষ, এটা খুব হতাশাজনক। শেষ দুটি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবারের সফর থেকে এখনো আমরা কিছু পাইনি। শেষে হলেও আমরা কিছু নিয়ে যেতে চাই।”
প্রথম তিন ওয়ানডেতে আড়াইশর বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুইশ’ রানের নিচে অলআউট হয় জিম্বাবুয়ে। তবুও স্বাগতিকদের সঙ্গে তাদের খুব একটা পার্থক্য আছে বলে মনে করেন না মাসাকাদজা।
