দলে নিয়মিত হওয়ার স্বপ্ন হাসানের
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের জন্য একজন পেস অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ। আবুল হাসান হতে পারেন নির্বাচকদের জন্য সেই সমাধান।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সাংবাদিকদের সামনে দলের প্রতিনিধি হয়ে আসেন হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে শতক করে চমকে দিয়েছিলেন হাসান। তবে চোটের কারণে এক বছরের বেশি সময় ধরে দলের বাইরেই ছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডের দলে ডাক পেয়ে, আবার নিয়মিত হওয়ার স্বপ্ন এই ক্রিকেটারের চোখে।
“আমি আত্মবিশ্বাসী ছিলাম, যদি পারফর্ম করি আর নির্বাচকরা যদি মনে করেন, রাজু ফিট হয়ে গেছে....তাহলে আমি আবার দলে আসতে পারবো।”
গত বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে শেষ খেলেছিলেন হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে চান তিনি।
“আমার লক্ষ্য এখন একটাই, বিশ্বকাপ। আমার সুযোগগুলো কাজে লাগাতে হবে। কালকে যদি সুযোগ পাই অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করবো।”
পেসার হিসেবে দলে এলেও ব্যাটিংয়ে কম যান না হাসান। অভিষেক টেস্টে শতকই তার ব্যাটিং সামর্থ্যের বড় প্রমাণ। তিনি জানান, বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে ব্যাটসম্যান হিসেবেই খেলতেন তিনি।
