২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের ঘূর্ণিতে জিতল কলাবাগান

আব্দুর রাজ্জাকের স্পিন জাদুতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। এবারের আসের এখনো পর্যন্ত কোনো ম্যাচ না জেতা ওল্ড ডিওএইচএসকে ৯০ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2014, 05:00 PM

Updated : 22 Aug 2022, 07:57 PM

মঙ্গলবার সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২০ রান তোলে কলাবাগান। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ওল্ড ডিওএইচএসকে ৩৭.৩ ওভারে ১৩০ রানে গুটিয়ে দেন কলাবাগানের অধিনায়ক রাজ্জাক।

শুরুটা ভালো হয়নি কলাবাগানের। ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। জেহান মুবারকের ৮৯ বলে ৫০ ও শেষ দিকে ১৭ বলে রাজ্জাকের ৩৪ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে লড়াই করার মতো রান তুলতে পারে কলাবাগান।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় ওল্ড ডিওএইচএসও। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো ওল্ড ডিওএইচএস শেষ পর্যন্ত দেড়শ রানও করতে পারেনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন এহসানুল হক। রাজ্জাক ছাড়া কলবাগানের পক্ষে উইকেট পান মাহাবুবুল আলম, জুপিটার ঘোষ, রকিবুল হাসান ও ফজলে রাব্বী। এই চারজনের প্রত্যেকেই একটি করে উইকেট নেন।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এই আসরে কলাবাগানের ৫ ম্যাচে এটি দ্বিতীয় জয়।