এবার ওয়ানডেতে চোখ সাকিবের
টেস্টে ফিরেই হয়েছেন সিরিজ সেরা। ভালো খেলার ধারাবাহিকতা ওয়ানডে সিরিজে দেখাতে চান সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।
তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শেষে সিরিজ সেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব জানান, ৩-০ ব্যবধানেই জয়ের কথা তারা ভাবেননি। তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।
চলতি বছর ১৩টি ওয়ানডে খেললেও তার কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। ভারতের বিপক্ষে একটি ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাকি ১২ ম্যাচেই হারে বাংলাদেশ।
ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার মতো অবস্থানে থেকেও হারে বাংলাদেশ। এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের লজ্জায় পড়ে তারা। তবে সাকিব জানান, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় আত্মবিশ্বাস বেড়েছে তাদের।
“ওয়ানডে সিরিজে নতুন কয়েকজন যোগ দেবে। টেস্টে আমরা ভালো করছি, তবে ওয়ানডেতে আমরা ভালো দল। আমাদের সামনে পাঁচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।”
ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই অধিনায়ক বেছে নেয়ার পর এটাই হতে যাচ্ছে প্রথম ওয়ানডে সিরিজ।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, দলকে সামনে থেকেই নেতৃত্ব দেবেন মাশরাফি।
“টেস্ট সিরিজে আমরা ৩-০ দিয়ে গেলাম। আশা করবো, ওয়ানডে সিরিজে তিনি যেন এটা ধরে রাখতে পারেন।”
