২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধন্যবাদ পেল পেসাররাও

স্পিনারদের দাপটে পুরো সিরিজে আড়ালেই ছিলেন বাংলাদেশের পেসাররা। তবে চট্টগ্রাম টেস্টে জয়ের পর পেসারদের অবদানেরও প্রশংসা করেছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 08:10 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক জানান, দলে জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পেসারদেরও।

“পেস বোলারদের অনেক ধন্যবাদ। আমরা জানতাম, ওরা হয়তো ইনিংসে পাঁচ/ছয় উইকেট নিতে পারবে না; কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ওরা উইকেট নিয়েছে। শফিউল প্রথম ইনিংসে খুব প্রয়োজনের সময় দু’বার উইকেট নিয়েছে। দুই ইনিংসেই শুরুতে উইকেট নিয়েছে রুবেল। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।”

তৃতীয় টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে ব্রায়ান চারিকে ফেরান রুবেল।

প্রথম ইনিংসে দুটি শতরানের জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান আরেক পেসার শফিউল। হ্যামিল্টন মাসাকাদজা-সিকান্দার রাজার ১৬০ রানের জুটি ভাঙার পর এল্টন চিগুম্বুরা-রেগিস চাকাবভার ১১৩ রানের জুটি ভাঙেন শফিউল।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দেয়ার কৃতিত্ব শফিউল, রুবেলের। মাত্র ১২ বলের মধ্যে অতিথিদের শেষ তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন এই দুজনে।

ঢাকা ও খুলনা টেস্টে চার ইনিংস মিলিয়ে মাত্র চারটি উইকেট নেন বাংলাদেশের পেসাররা। এর মধ্যে দুই ইনিংসে কোনো উইকেটও পাননি তারা। তবে চট্টগ্রামে অনেক বেশি সফল তারা। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন শফিউল, রুবেল।