২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট জেতানোর উচ্ছ্বাস মুমিনুলের

চট্টগ্রামে আগের দুটি টেস্টে শতক পেলেও ম্যাচ সেরার পুরস্কার পাওয়া হয়নি মুমিনুল হকের। এবার দলকে ইতিহাস গড়া জয় এনে দিয়ে সেই পুরস্কারটি পেয়ে গেলেন এই টপঅর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 07:48 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

রোববার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন জিম্বাবুয়েকে ১৮৬ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে দারুণ অবদান ৪৮ ও অপরাজিত ১৩১ রানের দুটি চমৎকার ইনিংস খেলা মুমিনুলের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুমিনুল বলেন, “রান পেলে তো অবশ্যই ভালো লাগে। এই টেস্টে তামিম ভাই, ইমরুল ভাই শতক পেয়েছেন, জুবায়ের ভালো বল করেছে। এই জয়ে সবারই অবদান রয়েছে।”

বৃহত্তর চট্টগ্রামের জেলা কক্সবাজারে মুমিনুলদের বাড়ি। আগামী শুক্রবার ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ফাঁকে বাড়ি থেকে ঘুরে আসবেন বলে জানান এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ নিয়ে দুটি টেস্টে ম্যাচ সেরার পুরস্কার পেলেন মুমিনুল। গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। সেই সিরিজের সেরা খেলোয়াড়ও ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

চট্টগ্রাম টেস্টে অপরাজিত শতকের সুবাদে ২০টির বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে ব্র্যাডম্যানের ৯৯.৯৪ রানের অবিশ্বাস্য গড়ের পরের স্থানটিতে উঠে এসেছেন মুমিনুল। ১২ টেস্টের ২৩ ইনিংসে এই ব্যাটসম্যানের গড় ৬৩.০৫।

১২ টেস্টে চারটি শতক ও সাতটি অর্ধশতক রয়েছে মুমিনুলের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেলে এভারটন উইকস, সুনীল গাভাস্কার, মার্ক টেইলরদের মতো কিংবদন্তিদের পাশে দাঁড়ান তিনি। তাদের প্রত্যেকেরই প্রথম ১২ টেস্টে ১১টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস রয়েছে।

আর এনিয়ে টানা ৯ টেস্টে এক ইনিংসে কমপক্ষে অর্ধশতক পেলেন মুমিনুল।