ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
চট্টগ্রামে তৃতীয় টেস্টে জিম্বাবুয়েকে ১৮৬ রানে হারিয়ে ৩-০ তে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা টেস্ট ৩ উইকেটে ও খুলনা টেস্ট ১৬২ রানে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে কোনো সিরিজ জিতল স্বাগতিকরা।
রোববার শেষ টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল জয় পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিন টেস্টের সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে এ অভাবনীয় সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
“তিনি আশা করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে।”
বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
