চোট পেয়ে ফের দলের বাইরে ক্লার্ক
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ চারটি ম্যাচ আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
শনিবার দেশটির ক্রিকেট বোর্ড (সিএ) ক্লার্কের না খেলার খবর নিশ্চিত করেছে। ক্লার্কের বদলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।
অনেক দিন ধরেই বাঁ পায়ের পেশির চোট (হ্যামস্ট্রিং) ভোগাচ্ছে ক্লার্ককে। গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩ রানের জয়ের দিন ফের ওই পায়ের পেশিতেই চোট পান তিনি।
পার্থে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। রোববার প্রথম ম্যাচের মাঠ ওয়াকাতেই হবে দ্বিতীয় ওয়ানডে।
চোটের কারণে গত মাসে পাকিস্তানের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজেই দলের বাইরে ছিলেন ক্লার্ক। তার আগে স্বাগতিক জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অধিকাংশ ম্যাচও একই কারণে খেলতে পারেননি তিনি।
