২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয় দেখছেন মুমিনুল

পঞ্চম দিনেও উইকেট নেয়া চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করেন মুমিনুল হক। তবে পিচ থেকে স্পিনাররা সহায়তা পাওয়ায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জয়ই দেখছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 07:33 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। এর আগে ৫ উইকেটে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম চার দিন সব মিলিয়ে ২৬ উইকেট পড়ে। তবে মুমিনুলের দৃঢ় বিশ্বাস, উইকেট থেকে সহায়তা পাওয়া গেলে শেষ দিন ৯ উইকেট নেয়া সম্ভব হবে।

“আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং হতেও পারে। কালকের প্রথম সেশন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভাল জায়গায় বল করতে হবে।”

মুমিনুল জানান, পঞ্চম দিন উইকেট ভেঙে যায়, বেশ ক্ষত বিক্ষতও থাকে। তাই জিম্বাবুয়ের জন্য ম্যাচ বাঁচানো ভীষণ কঠিন হবে বলেই মনে করেন তিনি।

“উইকেটে টার্ন আছে। আশা করি, পঞ্চম দিন বল আরো বেশি টার্ন করবে।”

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জিততে হলে রোববার জিম্বাবুয়ের শেষ ৯ উইকেট নিতে হবে স্বাগতিকদের। অন্য দিকে, ৪৪৯ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য পাওয়া অতিথিদের শেষ দিন করতে হবে আরো ৩৭৮ রান।