২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈম, মিঠুনের ব্যাটে মোহামেডানের প্রথম জয়

নাঈম ইসলাম ও মোহাম্মদ মিঠুনের ভালো ব্যাটিংয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাশরাফি বিন মুর্তজার দলের জয়টি ৫৩ রানের।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা মোহামেডানের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৪৫ রানের মধ্যে ২ উইকেট হারায় তারা।

দলকে অবশ্য বিপদে পড়তে দেননি নাঈম ও মিঠুন। তৃতীয় উইকেট জুটিতে ১২২ রানের জুটি গড়েন তারা।

মিথুন ৭৫ বলে ৬টি চার ও ৫টি ছয়ে ৮৩ রান করেন। আর ৮ রানের জন্য শতক পাননি নাঈম। ১১০ বলে খেলা ৯২ রানের ইনিংসটি তিনি সাজান ৯টি চার ও ২টি ছয়ে।

এরপর অ্যাঞ্জেলো পেরেরার ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ২৮২ রান তুলতে পারে মোহামেডান।

ভিক্টোরিয়ার কামরুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ দুটি করে উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটসম্যান চামারা কাপুগেদারা শতক করলেও জয় পায়নি ভিক্টোরিয়া।

১২টি চার ও ২টি ছয়ে কাপুগেদারা ১০৬ বলে ১০৬ রান করেন। তবে আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে না পারায় ৪৬.১ ওভারে ৯ উইকেটে ২২১ রান তোলে ভিক্টোরিয়া।

ভিক্টোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে। ৬২ বলে ৩৬ রান করেন তিনি।

আলোর স্বল্পতার জন্য এরপর আর খেলা হয়নি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পায় মোহামেডান।

মোহামেডানের আলাউদ্দিন বাবু ও রাহাতুল ফেরদৌস ৩টি করে উইকেট নেন।