জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে নাসির
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে প্রস্তুতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে দলের সাত ক্রিকেটারের।
আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।
টেস্ট দলে উপেক্ষিত নাসির হোসেন দলে ফিরেছেন। প্রথম দুই টেস্টে খারাপ করে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়া শামসুর রহমানও রয়েছেন ১৩ সদস্যের এই দলে।
তিন টেস্টে খেলা শুভাগত হোম চৌধুরী রয়েছেন বিসিবি একাদশে। এছাড়াও দলে আছেন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা শফিউল ইসলাম, এনামুল হক, সাব্বির রহমান ও আবুল হাসান।
দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। মোসাদ্দেক হোসেন ও নাজমুল হোসেনের মতো দুইজন তরুণ ক্রিকেটারকে বিসিবি একাদশে রেখেছেন নির্বাচকরা।
চলতি সফরে তিনটি টেস্ট ছাড়াও বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
বিসিবি একাদশ: এনামুল হক, শামসুর রহমান, রনি তালুকদার, সাব্বির রহমান, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলী, শফিউল ইসলাম, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, নাজমুল হোসেন, সৌম্য সরকার।
