২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই দিনটির অপেক্ষায় ছিলাম’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে আনন্দে ভাসছেন জুবায়ের হোসেন। এই লেগস্পিনার জানান, এমন একটি সুযোগের জন্যই অপেক্ষা করছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ টেস্টের তৃতীয় দিন ৩৭৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ৯৬ রানে ৫ উইকেট নিয়ে এতে বড় অবদান রাখেন জুবায়ের।

শুক্রবারের খেলা শেষে সাংবাদিকদের সামনে দলের প্রতিনিধি হয়ে আসা জুবায়ের বলেন, “ক্রিকেটে সবারই একটা দিন আসে। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজ সুযোগ আসছিল আর আমি তা কাজে লাগাতে পেরেছি।”

মাত্র তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেও টেস্ট ক্রিকেটকে সহজ মনে করেন না ১৯ বছর বয়সী লেগস্পিনার। তবে সুযোগ এলে ভালো কিছু করার আত্মবিশ্বাস তার ছিল বলেই জানান।

শুক্রবার ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন ও নাটসাই মুশাংওয়েকে বিদায় করেন জুবায়ের। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী বল করেই সাফল্য এসেছে।

“ব্রেন্ডন আমার বলে একই শট খেলে আগেও আউট হয়েছে। একটু ‘ফ্লাইট’ দিলে ও সামনে খেলতে চায়। আর চিগুম্বুরা ড্রাইভ বেশি খেলে। তাকে এই শটই খেলতে দিয়ে ফিরিয়েছি।”

পাঁচ উইকেটের মধ্যে জুবায়ের সবচেয়ে ভালো লেগেছে রাজার উইকেটটি। “রাজাকে আউট করা বলটা একটু বেশি ঘুরেছে। বলটা আমি স্লাইডার করেছিলাম। তাই একটু বেশি ঘুরেছিল।”

তিন টেস্টে এ পর্যন্ত নয় উইকেট নিয়েছেন জুবায়ের। খুলনায় জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে হ্যামিল্টন মাসাকাদজা-রেগিস চাকাবভার প্রতিরোধ ভাঙা উইকেটকে এগিয়ে রাখেন এই লেগস্পিনার।

“এ পর্যন্ত নেয়া প্রতিটি উইকেট আমার মনে আছে। শেষ ম্যাচে পাওয়া চাকাবভার উইকেট আমার সেরা। এটা ‘টার্নিং পয়েন্ট’ ছিল। ওই উইকেটটা পেয়ে খুব ভাল লেগেছিল।”

খেলা দেখতে শুক্রবার মাঠে এসেছিলেন জুবায়েরের বাবা, মা ও ভাই। তাদের উপস্থিতিতে পাঁচ উইকেট নেয়ায় তরুণ লেগস্পিনারের আনন্দ বেড়ে দ্বিগুণ হয়েছে।

“আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার প্রথম ৫ উইকেট। অনেক ভাল লাগছে। তবে সবচেয়ে ভাল লেগেছে মাঠে বাবা, মা, ভাই সবাই থাকায়।”

জুবায়ের জানান, ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। উইকেট ধীরে ধীরে বোলিং সহায়ক হয়ে ওঠায় জেতা সম্ভব বলে মনে করেন তিনি।