শেখ জামালের বিশাল জয়
লিয়াম অ্যান্ড্রু ডসনের শতক আর আরাফাত সানির ৫ উইকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বড় হয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ১২২ রানে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে তারা।
শুক্রবার সাভারের বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯৬ রান তোলে শেখ জামাল। জবাবে ৪৭.১ ওভারে ১৭৪ রানে গুটিয়ে যায় কলবাগানের ইনিংস।
শেখ জামালের শুরুটা অবশ্য ভালো ছিল না। এগারতম ওভারে ৩২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমানকে (১৬) হারায় তারা।
এরপর ৬ রানের মধ্যে অমিত মজুমদার (৩৩) ও তুষার ইমরানকে (১) হারিয়ে ১ উইকেটে ৭০ থেকে ৩ উইকেটে ৭৬ রান হয়ে যায় শেখ জামালের।
দলের হাল ধরেন শাহরিয়ার নাফীস ও ডসন। নাফীস ৮৬ বলে ৬৫ রান করে আউট হলেও ডসন ১১৩ রান করে অপরাজিত থাকেন। ৮৩ বলের ইনিংসটি ৫টি চার ও ৮টি ছয়ে সাজান তিনি।
কলাবাগানের রকিবুল হাসান ও ফরিদউদ্দিন মাসুদ ২টি করে উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি কলাবাগানের। ৫২ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা।
এরপর অধিনায়ক শামসুর রহমান ও তাসামুল হকের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল কলাবাগান। কিন্তু দলকে ১২৮ রানে রেখে দুজনই আউট হয়ে গেলে খুব বেশি দূর আর এগোতে পারেনি তারা।
শামসুর ৮৩ বলে ৫৪ আর তাসামুল ৬৪ বলে ৪৩ রান করেন।
কলাবাগান তাদের শেষ ৭টি উইকেট হারায় ৪৬ রানে। ৩ উইকেটে ১২৮ থেকে ১৭৪ রানে অলআউট হয়ে যায় তারা।
শেখ জামালের স্পিনার আরাফাত সানি পাঁচ উইকেট নিতে ১৮ রান খরচ করেন।
