২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জুবায়েরের ৫ উইকেট

ঢাকা ও খুলনা টেস্টেই নিজের সামের্থ্যর প্রমাণ দিয়েছিলেন জুবায়ের হোসেন। চট্টগ্রামে তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে দলকে এবার বড় লিড এনে দিলেন এই লেগস্পিনার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 05:08 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিন ৩৭৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ৯৬ রানে ৫ উইকেট নিয়ে এতে সবচেয়ে বড় অবদান রাখেন জুবায়ের।

দ্বিতীয় ঘণ্টায় জোড়া আঘাতে ব্রেন্ডন টেইলর ও সিকান্দার রাজাকে বিদায় করে স্বাগতিকদের চালকের আসনে নিয়ে আসেন জুবায়ের।

জুবায়েরের বল এগিয়ে এসে মারতে গিয়ে অনেক ওপরে তুল দেন টেইলর। বলের পিছনে ছুটছিলেন বাংলাদেশের তিন ফিল্ডার। এক জন থেমে গেলেও অন্য দুই জন মুখোমুখি সংঘর্ষের দিকে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তা হয়নি, তাইজুল চমৎকার এক ক্যাচ নিয়ে টেইলরের দ্রুত বিদায় নিশ্চিত করেন।

এক বল পর রাজাকে ফেরান জুবায়ের। লাফিয়ে উঠা বল রাজার ব্যাটের কানায় লেগে স্লিপে মাহমুদুল্লাহর হাতে জমা পড়ে। মধ্যাহ্ন-বিরতির পর ক্রেইগ আরভিনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট নেন জুবায়ের।

বিপজ্জনক এল্টন চিগুম্বুরাকে ফেরানোর কৃতিত্ব জুবায়েরের। তাকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করেন তিনি। টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এই লেগস্পিনারকে।

নাটসাই মুশাংওয়েকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিনত করে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেয়ার সঙ্গে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন জুবায়ের।

মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক হয় জুবায়েরের। ঢাকা ও খুলনা টেস্টে দুটি করে উইকেট নেন এই তরুণ।