২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের মাথায় বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট উঠেছে মিচেল জনসনের মাথায়। আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 05:02 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

ক্যারিয়ারে দুবার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবারই প্রথম হলেন জনসন।

এই পুরস্কার জয়ের দৌড়ে জনসনের সঙ্গে ছিলেন তার স্বদেশি ডেভিড ওয়ার্নার এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

পুরস্কারটি দেয়ার ক্ষেত্রে ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

এই সময়টাতে টেস্টে বল হাতে অনন্য ছিলেন অস্ট্রেলিয়ার পেসার জনসন। ১৫.২৩ গড়ে ৫৯টি উইকেট নেন তিনি। এর মধ্যে আছে দুবার ইনিংসে ৫ উইকেট শিকারের ঘটনা এবং একবার ম্যাচে ১০ উইকেট শিকার।

অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এই সময়ের মধ্যে খেলা ৮ টেস্টে ১ হাজার ৬৬ রান করেন।

ম্যাথিউস এই সময়ে টেস্টে অভাবনীয় ব্যাট করেন। ৯২.২৮ গড়ে ১ হাজার ২৯২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক।

তবে জনসনের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন সাঙ্গাকারা। ১১ টেস্টে ১ হাজার ৫০২ রান করে এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭৫-এর চেয়ে বেশি গড়ে এই রান তোলার পথে সাঙ্গাকারা ৪টি শতক ও ৯টি অর্ধশতক করেন।

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতেন ইংল্যান্ডের গ্যারি ব্যালান্স।