হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি
নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশাল জয়ের দিন মন খারাপ হওয়ার মতো একটা খবর পেয়েছে পাকিস্তান। আবু ধাবি টেস্টে মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছেন আম্পায়াররা।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদনটি পাকিস্তানের ম্যানেজার মঈন খানকে দেয়া হয়েছে।
আম্পায়ারদের এই আপত্তির ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে হাফিজকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরণের ম্যাচে বল করতে পারবেন তিনি।
বৃহস্পতিবার শেষ হওয়া প্রথম টেস্টে ২৪৮ রানের জয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৯৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রান করেন হাফিজ। আর বল হাতে দুই ইনিংসে একটি করে উইকেট নেন তিনি।
এই জয়ের ফলে তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি চলার সময় হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানিয়েছিলেন আম্পায়াররা। তবে ওই প্রতিযোগিতায় কারো বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করলেও আন্তর্জাতিক ক্রিকেটে সেটার কোনো প্রভাব পড়ে না।
