২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতকে স্বস্তি ইমরুলের

শতকের আনন্দে ভেসে যেতে চান না ইমরুল কায়েস। দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই ব্যাটসম্যানের জন্য স্বস্তি হয়ে এসেছে চট্টগ্রাম টেস্টের শতক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। এতে বড় অবদান রেখেছেন ১৩০ রান করা ইমরুল কায়েস।

দিনের খেলা শেষে সাংবাদিকদের সামনে দলের প্রতিনিধি হয়ে আসা ইমরুল বলেন, “আশা করিনি, সিরিজের মাঝখানে দলে সুযোগ পাব। তবে আবার সুযোগ পেলে শতক করার চেষ্টার কথা ভেবেছিলাম।”

নিজের শেষ তিন টেস্টে দুটি শতক পাওয়া ইমরুল মনে করেন, বাংলাদেশ দলে থাকতে হলে পারফরম করার কোনো বিকল্প নেই। খেলতে হলে ব্যাটসম্যানদের রান পেতেই হবে।

“টিকে থাকতে হলে রান করতেই হবে। এক ম্যাচে শতক পেলেও পরের দুই/তিন ম্যাচে খারাপ খেললে আবার চাপে পড়ে যাবে।”

এক প্রান্তে তামিম দ্রুত রান তুললেও দেখেশুনে খেলছিলেন ইমরুল। শেষ পর্যন্ত ২২৪ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন এই দুজনে। ইমরুল জানান, সময় নিয়ে খেলার পরিকল্পনা নিয়েই নেমেছিলেন তিনি।