২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ভাবনা দূর করা উদ্বোধনী জুটি

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতলেও উদ্বোধনী জুটি নিয়ে দুর্ভাবনা কাটছিল না বাংলাদেশের। তামিম ইকবালের সঙ্গে ইমরুল কায়েসের রেকর্ড জুটি এখন স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। এতে বড় অবদান ২২৪ রানের জুটি গড়া তামিম ও ইমরুলের। এই দুই জনের শতকে উদ্বোধনী জুটিতে প্রথমবারের মতো দুইশ’ করলো বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটি তামিম ও ইমরুলের অধিকারেই ছিল। ২০১০ সালে লর্ডসে ১৮৫ রান করেছিলেন এই দুই জনে।

পরিসংখ্যান অনুযায়ীও তামিম-ইমরুলের উদ্বোধনী জুটি বাংলাদেশের সফলতম। ৩৩ ইনিংসে ৪৪.০৩ গড়ে ১ হাজার ৪৫৩ রান রয়েছে এই জুটির। তিনটি শতক ছাড়াও রয়েছে ছয়টি অর্ধশতক।

বাংলাদেশের আরো কোনো উদ্বোধনী জুটিতে হাজার রান আসেনি, জুটির গড়ও ৪০ ছুঁতে পারেনি।

এই প্রথম একই টেস্টে শতক পেলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে এলেন দুই জনই। তামিম জানান, ইমরুলের সঙ্গে ব্যাটিং সব সময়ই উপভোগ করেন তিনি।

“ইমরুলের সঙ্গে আমার উদ্বোধনী জুটি খুব ভালো হয়। এর আগেও বোধহয় রেকর্ড আমাদের ছিল, এবারও হয়েছে। আমার মনে হয়, আমি ওর খেলাটা বুঝি, সে আমার খেলাটা বোঝে। মাঝখানে একটু কথা বলে নিলে কাজ সহজ হয়, পরিকল্পনা করে খেলা যায়।”

টেস্টে বাংলাদেশের শতরানের উদ্বোধনী জুটির চারটিতে থাকা তামিম জানান, সঙ্গী খেলার ধরণ বুঝলে খেলা সহজ হয়। বিশেষ করে, বাজে শট খেলার প্রবণতা তৈরি হলে তিনি সতর্ক করে দিতে পারেন।

“আমি বাজে শট খেলতে গেলে ইমরুল এসে সতর্ক করে দিয়েছিল। আবার ও যখন এমন করছিল, আমি সতর্ক করে দিয়েছিলাম। একটা জুটি হয় সবকিছু মিলিয়ে।”

তামিম জানান, ৫৫ থেকে ৬৩ রানে থাকার সময় বেশি আক্রমণাত্মক খেলতে চাচ্ছিলেন তিনি। সে সময় এগিয়ে আসেন ইমরুল। শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে টানা দ্বিতীয় শতক তুলে নেন তিনি।

উদ্বোধনী জুটির সঙ্গীর সঙ্গে কথা বলে খেললে অনেক সমস্যা সামলানো সহজ হয়ে যায় বলে মনে করেন ইমরুলও।

“আজকে ব্যাটিংয়ে নামার আগে ও আমাকে বলেছিল (এল্টন) চিগাম্বুরা কি বল করতে পারে। এটা আমাকে খুব সহজ করে দিয়েছে। সঙ্গী আপনার সঙ্গে কথা বললে সব কিছু সহজ ও ভালো হয়।”

তামিম ৯৮ রানে থাকার সময় একটি ঝুঁকিপূর্ণ দুই রান নিতে চেয়েছিলেন। বিপদ বুঝতে পেরে তাকে থামান ইমরুল।

“ও দুই রান নিতে চাচ্ছিল। আমি বলেছি, দুই রান নিতে গেলে তুমি আউট হয়ে যেতে। উইকেটে থাকলে ১ রান এমনিতেই চলে আসবে।”