বোলারদের দাপটে জয়ের পথে পাকিস্তান
রাহাত আলি, জুলফিকার বাবর, ইয়াসির শাহ-আবু ধাবি টেস্টে দাপট দেখাচ্ছে পাকিস্তানের বোলাররা। চতুর্থ দিন শেষে তাই নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের পথে আছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের আর মাত্র দুটি উইকেট প্রয়োজন। আর চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৭৪ রান তোলা নিউ জিল্যান্ডকে জিততে হলে করতে হবে আরো ৩০৬ রান।
শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার বিনা উইকেটে ১৫ রান নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে পাকিস্তান। ২ উইকেটে ১৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।
প্রায় ২ বছর পর টেস্ট শতক পান পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। প্রথম ইনিংসে ৯৬ রানে আউট হওয়া হাফিজ দ্বিতীয় ইনিংসে ১০১ রান করে অপরাজিত ছিলেন। ১৩০ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছয়ে সাজান তিনি।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ইউনুস খান।
জয়ের জন্য ৪৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিল নিউ জিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলে তারা। তবে পাকিস্তানের বোলারদের তোপের মুখে খুব বেশিক্ষণ প্রতিরোধ ধরে রাখতে পারেনি ব্যাটসম্যানরা।
দুই সেশনেরও কম সময়ের ৮১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে নিউ জিল্যান্ড।
দলের ৫৭ রানে টম ল্যাথামের আউট দিয়ে নিউ জিল্যান্ডের পতনের শুরু হয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৩৮ হয়ে যায় তারা।
পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন পেসার রাহাত, স্পিনার বাবর ও ইয়াসির। পেসার ইমরান ও স্পিনার হাফিজ নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫৬৬/৩ ডিক্লে. ও ১৭৫/২ ডিক্লে. (হাফিজ ১০১*, আজহার ২৩, ইউনুস ২৮, সরফরাজ ১৩*; সোধি ২/৬৬)।
নিউ জিল্যান্ড: ২৬২ ও ১৭৪/৮ (ল্যাথাম ২০, ম্যাককালাম ৩৯, উইলিয়ামসন ২৩, টেইলর ৮, অ্যান্ডারসন ২৩, নিশাম ০, ওয়াটলিং ০, ক্রেইগ ২৭*, সাউদি ৫, সোধি ২৭*; বাবর ২/৩০, রাহাত ২/৩৮, ইয়াসির ২/৪৯, হাফিজ ১/২১, ইমরান ১/৩৪)।
