২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্প সংগ্রহ নিয়েই জিতল ব্রাদার্স

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ‘লো স্কোরিং’ ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। কলাবাগানকে ৮ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

সাভারের বিকেএসপিতে বুধবার টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৫৩ রানেই অলআউট হয়ে যায় ব্রাদার্স। জবাবে ৪৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে পারে কলাবাগান।

ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্স দেড়শ’ পেরোনো স্কোর গড়তে পারে মূলত মিলিন্দা শ্রীবর্ধানার কল্যাণে। ৬৯ বলে ৫৭ রান করেন তিনি। শ্রীবর্ধানার ইনিংসটি ৬টি চার ও ২টি ছয়ে সাজানো।

ব্রাদার্সের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অভিষেক মিত্র। ৪৪ বলে ২০ রান করেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

এ ছাড়া দু অঙ্ক ছুঁতে পারেন মাত্র দুজন। অধিনায়ক নাজিম উদ্দিন ১৪ ও নাজমুস সাদাত ১১ রান করেন।

কলাবাগানের নাবিল সামাদ ও জীবন মেন্ডিস দুটি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় কলাবাগান। দলের ২ রানে ফিরে যান নাজমুল হোসেন (১)। দলের ২৩ রানে আউট হন নাফিস ইকবাল (১১)।

এই ধাক্কা সামলে উঠে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন মাহমুদুল হাসান ও সাব্বির রহমান। তবে মাহমুদুলের ৫৫ ও সাব্বিরের ৩৬ রানের ইনিংস দুটি কলাবাগানকে ম্যাচ জেতাতে পারেনি।

১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে কলাবাগানের ইনিংস। এর মধ্যে কলাবাগানকে ১১৩ রানে রেখে ৩৬তম ওভারে ৫ বলের মধ্যে ৩ উইকেট তুলে নেন ব্রাদার্সের আসিফ হাসান।

২৮ রান দিয়ে ৪ উইকেট নেন আসিফ। ২৩ রানে ২ উইকেট পান ইফতেখার সাজ্জাদ। শাহাজাদা হোসেন, নাজমুস ও আহমেদ সাদিকুর একটি করে উইকেট নেন।