২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডকে নিয়ে খেলল পাকিস্তানের বোলাররাও

ব্যাটসম্যানদের পর নিউ জিল্যান্ডকে নিয়ে খেলল পাকিস্তানের বোলাররাও। অসাধারণ বোলিং করে তৃতীয় দিন শেষে প্রথম টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখল তারা। অতিথিদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১৯ রান এগিয়ে স্বাগতিকরা। হাতে আছে ১০ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

আবু ধাবি টেস্টের প্রথম দুই দিন পাকিস্তানের ব্যাটসম্যানরা তাণ্ডব চালিয়েছে। কিন্তু মঙ্গলবার তৃতীয় দিন নিউ জিল্যান্ড ব্যাট করতে নামতেই ব্যাট আর বলের ভারসাম্যে যেন নাটকীয় পরিবর্তন ঘটে।

'কন্ডিশন' মানিয়ে দীর্ঘ সময় উইকেটে থেকে রান তোলার মতো ধৈর্য দেখাতে পারেনি সফরকারী ব্যাটসম্যানরা। স্বাগতিক বোলারদের দাপটে ২৬২ রানেই গুটিয়ে যায় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস। ফলোঅনে পড়ে 'কিউই' নামে পরিচিত দলটি। প্রথম ইনিংসেই ৩০৪ রানে এগিয়ে থাকে পাকিস্তান।

নিউ জিল্যান্ডকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষের আগে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তোলে তারা। মোহাম্মদ হাফিজ ৫ ও আজহার আলি ৯ রান নিয়ে উইকেটে আছেন।

শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার বিনা উইকেটে ১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নিউ জিল্যান্ড। কিন্তু ১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে সফরকারীদের ইনিংস। বিনা উইকেটে ৩৩ থেকে ৩ উইকেটে ৪৭ রান হয়ে যায় তারা। আউট হয়ে ফেরেন ব্রেন্ডন ম্যাককালাম (১৮), কেন উইলিয়ামসন (৩) ও রস টেইলর (০)।

ব্যাটসম্যানদের মধ্যে ব্যতিক্রম ছিলেন একমাত্র টম ল্যাথাম। তার জন্যই নিউ জিল্যান্ড ফলোঅন এড়ানোর স্বপ্ন দেখছিল। উদ্বোধনী এই ব্যাটসম্যান ১৩টি চারে ২২২ বলে ১০৩ রান করে রাহাত আলির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

নিউ জিল্যান্ডের ইনিংস এলোমেলো করে দেন মূলত পাকিস্তানের বাঁহাতি পেসার রাহাতই। ১৭ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আরেক বাঁহাতি-স্পিনার জুলফিকার বাবর ৭৯ রানে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও ইয়াসির শাহ।

ল্যাথাম ছাড়া নিউ জিল্যান্ডের পক্ষে বলার মতো রান করেন আর দু'জন। কোরি অ্যান্ডারসন ৪৮ ও বিজে ওয়াটলিং ৪২ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫৬৬/৩ ডিক্লে. ও ১৫/০ (হাফিজ ৫*, আজহার ৯*)।

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ৮৭.৩ ওভারে ২৬২ (ল্যাথাম ১০৩, ম্যাককালাম ১৮, উইলিয়ামসন ৩, টেইলর ০, অ্যান্ডারসন ৪৮, নিশাম ১১, ওয়াটলিং ৪২, ক্রেইগ ১, সাউদি ০, সোধি ২৫, বোল্ট ০*; রাহাত ৪/২২, বাবর ৩/৭৯, হাফিজ ১/৬০, ইয়াসির ১/৬৫)।