টালবাহানার পর বাংলাদেশে আসতে রাজি পাকিস্তান
আগামী এপ্রিলে পাকিস্তানের বাংলাদেশ সফর একরকম নিশ্চিতই ছিল। তবে হঠাৎ করেই বেঁকে বসে দেশটি। তবে টালবাহানার পর নির্ধারিত সময়েই সফরে আসার মৌখিক সম্মতি দিয়েছে তারা।
আইসিসি সভা থেকে দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানান, সফর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে।
“ওরা বলছে, আমরা পরপর দুইবার গেলাম। এখন বাংলাদেশের আসার সময়।”
দুইবার পাকিস্তান সফর বাতিল করে বাংলাদেশ। শেষবার আদালতের রায়ে সফর বাতিল করে তারা।
দুই দেশের সফরের ব্যাপারটি এখন নির্ভর করে দুই বোর্ডের চুক্তির ওপর। পাকিস্তান ছাড়া অন্য সব দেশের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ।
“আমাদের নিজেদের অবস্থান পরিষ্কার করেছি পাকিস্তানের সাথে। ওদের সঙ্গে আমাদের কোনো ‘বাইন্ডিংস’ কখনোই ছিল না। এফটিপি অনুযায়ী খেলা হবে। সবগুলো দেশ নিরপেক্ষ ভেন্যুতে খেলছে; আমরাও তাই করবো।”
২০০৯ সালে শ্রীলঙ্কার দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে।
“পাকিস্তানে গিয়ে খেলতে হবে, এমন কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আমাদের জাতীয় দলকে সেখানে পাঠানো মতো পরিস্থিতিও তৈরি হয়নি। শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে। মৌখিকভাবে ওরা জানিয়েছে, এপ্রিলে বাংলাদেশে আসবে ওরা।”
বিসিবি সভাপতি জানান, ২০২১ সাল পর্যন্ত প্রচুর খেলা রয়েছে বাংলাদেশের। আগামী বছরের ভারত সফর, নিউ জিল্যান্ডে দুবার যাওয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সফর নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি।
“২০২১ সাল পর্যন্ত বলতে গেলে আমরা পুরোপুরি ‘বুকড’। এখন স্লট বের করা ভীষণ কঠিন আমাদের জন্য। সবাই আসবে আমাদের এখানে, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত আসবে বাংলাদেশে।”
