শুরুতেই শেখ জামালের হোঁচট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রোশন সিলভার শতকে তাদের হারিয়েছে পারটেক্স।
মঙ্গলবার শেষ সময়ের নাটকীতায় পারটেক্স জেতে ১১ রানে।
নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০০ রান করে পারটেক্স।
১১১ রানে অপরাজিত থাকেন রোশন সিলভা। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানের ১৩৮ বলের ইনিংসটি ১০টি চার ১টি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন আরমান হোসেন।
এই দুই জন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল আব্দুল্লাহ আল মামুন (১০)।
৪১ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার মেহেদি হাসান। দুটি করে উইকেট নেন আরাফাত সানি ও ইংল্যান্ডের লিয়াম ডসন।
জবাবে ৮ উইকেটে ১৮৯ রানে থেমে যায় শেখ জামালের ইনিংস।
অধিনায়ক তুষার ইমরানের ৭২ রানের সুবাদে এক সময়ে শেখ জামালের স্কোর ছিল ৪ উইকেটে ১৭৪ রান। কিন্তু শেষ দিকে পারটেক্সের বোলারদের চমৎকার বোলিংয়ে হার এড়াতে পারেনি দলটি।
পারটেক্সের আজিম ও নুরুজ্জামান মাসুম তিনটি করে উইকেট নেন।
