মুশফিকের উপলব্ধি
টেস্ট ক্রিকেটে ১৪ বছর পূর্ণ হলো বাংলাদেশের, যে সময়টায় সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাটাই ভারী। অধিনায়ক মুশফিকুর রহিমও মনে করেন, এ সময়টায় দল হিসেবে বাংলাদেশের আরো ভালো করা সম্ভব ছিল।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “১৪ বছরে খুব যে ভালো অবস্থানে আছি তা না। দল হিসেবে আমাদের উন্নতির আরো অনেক জায়গা ছিল। কিছু টেস্ট ড্র করতে পারতাম। কিছু টেস্ট জেতা সম্ভব ছিল। দল হিসেবে আমরা আরো ভালো করতে পারতাম।”
২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। এরপর ১৪ বছরে বাংলাদেশ জিতেছে মাত্র ৬টি টেস্ট।
মুশফিক মনে করেন, নিজেদের তুলে ধরার জন্য ১৪ বছর অনেক সময়।
“টেস্টে যেন বাংলাদেশ ভালো খেলে। অন্তত পাঁচটা দিন যেন আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি। শুধু দেশে না দেশের বাইরেও। এটা আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবে।”
মুশফিক জানান, গত কয়েক বছরে বেশ কয়েকজন পারফরমার বের হয়ে এসেছে, যা একটি ইতিবাচক দিক।
“পারফরমার উঠে আসা ইতিবাচক দিক। তারা যদি সামনের চার-পাঁচ বছর ধারাবাহিকভাবে টেস্ট খেলতে পারে তাহলে সামনের দিনগুলোতে বাংলাদেশের ফল আরো ভালো হবে।”
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মনে করেন, দেশের বাইরে ভালো খেলতে হলে প্রথম শ্রেণির ম্যাচে পেস সহায়ক উইকেট প্রয়োজন। তবে শুধু অবকাঠামোর দায় না দিয়ে ক্রিকেটারদেরও নিজেদের দায়িত্ব পুরোপুরি পালনের কথা বলেন তিনি।
আইসিসির নতুন কাঠামোতে টেস্ট র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা দলকে সেরা সহযোগী দেশের বিপক্ষে কন্টিনেন্টাল চ্যালেঞ্জ কাপে খেলতে হবে। টেস্ট মর্যাদা পাওয়া দেশগুলোর জন্য কিছুটা ‘অমর্যাদা’র এই ম্যাচে খেলতে চান না মুশফিক।
“টেস্ট ক্রিকেট এমন একটা ব্যাপার, যেখানে উন্নতি করলে সবার চোখে পড়ে।
আইসিসির নতুন নিয়মের পর অন্তত নয় নম্বরে আমাদের থাকতেই হবে। সেটা অনেক বড় চ্যালেঞ্জ। এটাই আমাদের প্রধান লক্ষ্য।”
১৪ বছরে বাংলাদেশের খেলার সুযোগ হয়েছে ৮৭টি টেস্ট, যার মধ্যে মাত্র জয় ছয়টি আর ড্র ১১টি। বাংলাদেশ হেরেছে ৭০টি ম্যাচে।
মুশফিক জানান, টেস্টে ভালো করতে হলে, বেশি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই।
“শচীন (টেন্ডুলকার) যখন এখানে এসেছেন তিনিও বলেছেন, বাংলাদেশ যত টেস্ট খেলবে ততই শিখবে। খারাপ-ভালো খেলা পরের ব্যাপার। খেলার সুযোগ না পেলে উন্নতির কোনো সম্ভাবনা নেই। আমাদেরও দায়িত্ব আছে, আমরা যত কম টেস্টই খেলি, যেন ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলি।”
আপাতত জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে দলটির সঙ্গে নিজেদের ব্যবধানের প্রমাণ দিতে চান মুশফিক।
“যদি এই টেস্ট (তৃতীয় টেস্ট) জিততে পারি; ব্যবধানটা ৩-০ হলে আইসিসি বুঝতে পারবে জিম্বাবুয়ের সাথে আমাদের ব্যবধান অনেক বড়। এতে হয়তো আমরা পরের বছরগুলোতে বাড়তি কিছু টেস্ট পেতে পারি। আমরা সেটার জন্য লড়ব।”
