২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে সমঝোতার প্রস্তাব উইন্ডিজের

ক্ষতিপূরণ চেয়ে ভারতের ক্রিকেট বোর্ডের পাঠানো চিঠির সাড়া দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। ভারতীয় ক্রিকেট বোর্ডকে সমঝোতার প্রস্তাব দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 08:51 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

সিরিজের মাঝপথে ভারত সফর বাতিল করায় ডব্লিউআইসিবির কাছে ৪ কোটি ১৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে চিঠি দেয় বিসিসিআই।

১৫ দিনের মধ্যে এই চিঠির সাড়া না দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছিল তারা।

ডব্লিউআইসিবির বিবৃতিতে ভারত সফর বাতিল করাকে খুব দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করা হয়। এরকম ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলেও জানায় তারা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়, ডব্লিউআইসিবি বিসিসিআইর সিদ্ধান্তকে শ্রদ্ধার সঙ্গে নিচ্ছে। তবে তাদের বিশ্বাস আলোচনার মাধ্যমে সমঝোতা সম্ভব।

ধর্মশালায় চতুর্থ ওয়ানডে খেলার পর বেতন-ভাতা নিয়ে বিরোধের জের ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। এই ম্যাচটি খেলে দেশে ফিরে যায় তারা। ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের আরও একটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট খেলার কথা ছিল।

ডব্লিউআইসিবির কাছে লেখা চিঠিতে বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল লেখেন, সফরের মাঝে ওয়েস্ট ইন্ডিজের চলে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে এবং তাদের ভাবমূর্তিও নষ্ট হয়েছে।

প্যাটেলের দাবি, সফর মাঝপথে শেষ হয়ে যাওয়ায় বিসিসিআই বানিজ্যিক অংশীদারদের হারানোর ঝুঁকিতেও পড়েছে। দিওয়ালির মৌসুমে এমন একটি ঘটনা বোর্ডের জন্য বিরাট এক ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।