২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় ছাড়া কিছুই ভাবেনি বাংলাদেশ

হ্যামিল্টন মাসাকাদজা ও রেগিস চাকাবভা ছাড়া জিম্বাবুয়ের আর কারও কাছ থেকে প্রতিরোধ আশা করেনি বাংলাদেশ। তাই খুলনা টেস্টের শেষ দিনে জয়ের ব্যাপারে একরকম নিশ্চিত ছিলেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 06:37 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

শুক্রবার খুলনা টেস্ট ১৬২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “কখনোই মনে হয়নি, ম্যাচটি ড্র হবে। মাসাকাদজা ও চাকাবভা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছে। পরের কোনো ব্যাটসম্যান রানে নেই। আমাদের শুধু একটি উইকেট দরকার ছিল।”

চতুর্থ উইকেটে মাসাকাদজা-চাকাবভার প্রতিরোধ ভাঙেন জুবায়ের হোসেন। এই জুটি ভাঙার পর বেশিক্ষণ টেকেনি জিম্বাবুয়ের ইনিংস।

“লিখন (জুবায়ের হোসেন) ওই বলটা খুবই ভালো করেছে। ওই উইকেট পাওয়ার পরই বুঝে যাই, জায়গামত বল করলে অনেক কিছুই হবে। ওই উইকেট পাওয়ার পরই আমাদের টিম স্পিরিটটা আরো বেড়ে যায়।”

জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অলআউট করে সহজ জয় পাওয়ার পর স্পিনারদের প্রশংসা করে অধিনায়ক বলেন, “উইকেটে স্পিনারদের জন্য খুব একটা সহায়তা ছিল না। কিন্তু বোলাররা অসাধারণ বল করে ওদের খুব চাপে রাখে। এ কারণেই ওরা (জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা) ভুল করেছে।”

পঞ্চম দিনের সকালের সেশনে ১ ঘণ্টা ১৮ মিনিট ব্যাট করে ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সহজ জয় পেলেও অধিনায়ক স্বীকার করেন, একটু দেরিতেই ইনিংস ঘোষণা করেন তিনি।

“আগে তো নিরাপদ অবস্থায় যেতে হবে। ৭৫ ওভার হলে খুবই ভালো হত। অন্তত ৩২০ রান হলে ইনিংস ঘোষণার পরিকল্পনা ছিল।”

৯ উইকেটে ২৪৮ রানে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়েকে ৩১৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। অতিথিদের ১০ উইকেট নিতে ৬৮ ওভার পায় স্বাগতিকরা।

“শুরুতে উইকেট নেয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়, লাঞ্চের আগে আমরা যে আধঘণ্টা সময় পেয়েছিলাম, এটা খুব কাজে লেগেছে। এই সময়ে আমরা দুটি উইকেট নিতে পেরেছি।”

মিরপুরের পর খুলনায় জিতে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে আসা নিশ্চিত হয়েছে ১০ নম্বরে থাকা বাংলাদেশের। আগামী বছর দেশের মাটিতে বেশ কয়েকটি সিরিজ থাকায় এই র‌্যাঙ্কিং ধরে রাখার ব্যাপারে আশা মুশফিকের।

“আমরা দল ও ব্যক্তিগতভাবে ভালো করছি। নিজেদের মতো করে খেলতে পারলে যত ভালো দলই আসুক, আগামী বছর আমাদের ভালো কাটবে। আপাতত এই বছর জয় দিয়েই শেষ করতে চাই।”