রেকর্ডে চোখ ছিল সাকিবের
জিম্বাবুয়ের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পরই সাকিবের মাথায় ছিল ১০ উইকেট পেলে অনন্য এক অর্জন হবে তার। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস বাংলাদেশকে ১৬২ রানের জয় এনে দেয়ার পথে সেই লক্ষ্য পূরণ করেছেন এই অলরাউন্ডার।
এর আগে ইয়ান বোথাম ও ইমরান খানই কেবল শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। তাদের পাশে বসতে পেরে উচ্ছ্বসিত সাকিব।
“এই গ্রেটদের সঙ্গে নাম থাকাও একটা বড় ব্যাপার। নাম আছে, এটা ভালো লাগছে। কিন্তু আমার কাজ হল দলের হয়ে অবদান রাখা, ভালো পারফরম করা দেশের হয়ে যতটা সম্ভব ভালো খেলে যাওয়া।”
টেস্টে শতক ও পাঁচ উইকেট নেয়ার ঘটনা আছে ৩০ বার। খুলনা টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষে সর্বশেষ এই কৃতিত্ব দেখান সাকিব। পঞ্চম দিন ৫ উইকেট নিয়ে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে শতক ও ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।
সাকিব জানান, দ্বিতীয় টেস্টের মাঝামাঝি সময়ে জেনেছিলেন ১০ উইকেট পেলে দারুণ একটি ব্যাপার হবে। “এর আগে আমি এটি জানতামই। শোনার পর আমি বলেছিলাম, এটা মাথায় থাকলো। হয়তো মাথায় ছিল।”
শতক ও ১০ উইকেটেরে চেয়ে দলের জয়টাই বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ সেরা সাকিবের কাছে। ক্যারিয়ারের প্রথমবারের মতো ১০ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার জানান, দ্বিতীয় ইনিংসের পাঁচ উইকেট খুব গুরুত্বপূর্ণ ছিল।
“আড়াই সেশন ব্যাট করতে পারলেই ওদের সামনে ম্যাচ ড্র করার সুযোগ ছিল। এই পিচে উইকেট নেয়া খুব কঠিন ছিল। সেদিক থেকে এবারের পাঁচ উইকেট খুব গুরুত্বপূর্ণ। আমরা জানতাম, কোনো একজন বোলার পাঁচ উইকেট পেলে আমাদের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ বেড়ে যাবে।”
১৩৭ রান করার পর প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মাত্র ৪৪ রানে। সাকিব জানান, এটাই তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।
“রেকর্ড বিচার করলে এটাই এক নম্বরে থাকবে। তবে এর থেকেও ভালো করা সম্ভব। উন্নতি ধরে রাখতে পারলে হয়তো আরো ভালো কিছু হতে পারে।”
