তৃতীয় টেস্টে শামসুরের জায়গায় ইমরুল
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান। তার জায়গায় দলে নেয়া হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি শামসুর। ঢাকা টেস্টে দুই ইনিংসে ৮ রান করেন (৮ ও ০)। খুলনাতে দ্বিতীয় টেস্ট শেষ না হলেও শামসুর দুই ইনিংসেই ব্যাট করে ফেলেছেন। প্রথম ইনিংসে ২ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ২৩ রান।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট খেলা ইমরুল দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন চর্ম রোগে আক্রান্ত হয়ে। তবে কলকাতায় আচার্য মেমোরিয়াল ট্রফিতে বিসিবি একাদশের হয়ে একটি শতক করে দলে ফিরলেন ইমরুল।
তৃতীয় টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মুমিনুল হক, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, তাইজুল ইসলাম ও এনামুল হক।
