লক্ষ্য দেখে সিদ্ধান্ত নেবে জিম্বাবুয়ে
টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক স্পষ্ট করেই বলেছেন, জেতার জন্য খেলবে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা জানিয়েছেন, লক্ষ্য দেখার পর তাড়া করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে জিম্বাবুয়ে।
খুলনা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২৬৬ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবারের খেলা শেষে জিম্বাবুয়ে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা চিগুম্বুরা বলেন, “আগে আমাদের আরো পাঁচ উইকেট নিতে হবে। এরপর দেখতে হবে রান কত। যদি এটা তাড়া করার মতো হয় তাহলে আমরা চেষ্টা করবো।”
তিনশ’ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব বলে মনে করেন চিগুম্বুরা। “আমরা স্পিনারদের ভালো ভাবে খেলতে পারলে জেতা সম্ভব হবে। এটা এখনো ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট।”
শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিন বল বেশ নিচু হয়েছে। তবে এনিয়ে অতিথি শিরিরে কোনো দুর্ভাবনা নেই বলে জানান চিগুম্বুরা।
“আমার মনে হয় না, ব্যাটিং খুব কঠিন হয়েছে। অল্প কিছু বল ভিন্ন আচরণ করছে। কালও এর খুব একটা পরিবর্তন হবে বলে মনে হয় না।”
বৃহস্পতিবার মাত্র ৩৭ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। পঞ্চম দিনে টিকে থাকা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে চিগুম্বুরা বলেন, “এটা টিকে থাকার ব্যাপার নয়। আমরা জেতার চেষ্টা করবো। জেতার মতো অবস্থানে থাকলে অবশ্যই জয়ের জন্য খেলবো।”
