‘ফলের জন্য খেলবে বাংলাদেশ’
খুলনা টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে ২৬৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশ জয়ের জন্য খেলবে বলে জানিয়েছেন মুমিনুল হক।
বৃহস্পতিবারের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা মুমিনুল বলেন, “আমরা ড্রয়ের জন্য খেলবো না। অবশ্যই ফলের জন্য খেলবো। কাল কখন ইনিংস ঘোষণা করা হবে সেই পরিকল্পনা এখনো হয়নি।”
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০১ রান।
মুমিনুল মনে করেন চতুর্থ ইনিংসে যে কোনো লক্ষ্যই কঠিন। “চতুর্থ ইনিংসে কিন্তু দেড়শ’ রানও খুব কঠিন। তারমধ্যে আবার বল নিচু হচ্ছে। আমার মনে হয়, আমরা ভালো অবস্থানে আছি। দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ফিল্ডিং করতে হবে।”
বাংলাদেশের পক্ষে দ্রুততম হাজার রান করা রেকর্ডটি তামিম ইকবালের কাছ থেকে নিজের করে নিয়েছেন মুমিনুল। তামিমের লেগেছিল ৩০ ইনিংস। মুমিনুল তা করেছেন ২১ ইনিংসে। এ নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই এই বাঁহাতি ব্যাটসম্যানের।
টানা পাঁচটি অর্ধশতককে ৬০ এর ঘর পর্যন্তও নিয়ে যেতে ব্যর্থ হযেছেন মুমিনুল। এ নিয়ে নিজেও চিন্তিত বলে জানান খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করে আউট হওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান।
“হয়তো কিছু ভুল হচ্ছে, যে কারণে এটা হচ্ছে না। যত তাড়াতাড়ি পারি এটা সমাধান করার চেষ্টা করবো।”
