সোবার্স, ক্যালিসের পাশে সাকিব
প্রত্যাবর্তনের সিরিজে আরো দুর্দান্ত হয়ে উঠেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে শতকের পর পাঁচ উইকেট নিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার।
এ নিয়ে দুইবার একই টেস্টে শতক ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব, যা এর আগে ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্স, পাকিস্তানের মুশতাক মোহাম্মদ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের। সর্বোচ্চ পাঁচবার এই কৃতিত্ব দেখিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইয়ান বোথাম; মাঝে আর কেউ নেই।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ম্যালকম ওয়ালারকে আউট করে নিজের পঞ্চম উইকেট নেন সাকিব। টেস্টে এ নিয়ে ১৩বার পাঁচ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে দ্রুত ব্যাট চালিয়ে ১৩৭ রান করেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আর টেস্ট ক্রিকেটে একই ম্যাচে শতক ও পাঁচ উইকেট নেয়ার এটি ৩০তম নজির। এর শেষ তিনটিই গড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
সর্বশেষ পাঁচ উইকেট ও শতক করেছিলেন সোহাগ গাজী গত বছর নিউ জিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।
সোহাগের আগে শেষ শতক ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন সাকিব। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করার পর ৮২ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির পর জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর, এল্টন চিগুম্বুরা ও ক্রেইগ আরভিনকে বিদায় করেন সাকিব।
বৃহস্পতিবার হ্যামিল্টন মাসাকাদজাকে বিদায় করে ষষ্ঠ উইকেটে ১৪৭ রানের জুটি ভাঙেন সাকিব। সেই ওভারেই পঞ্চম উইকেটটি পেয়ে যেতেন এই বাঁহাতি স্পিনার। কিন্তু ফাইন লেগে শাহাদাত হোসেন ম্যালকম ওয়ালারের সহজতম ক্যাচটি ধরতে পারেননি।
মিরপুরে প্রথম টেস্টে ৫৯ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ১ উইকেট নেন আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিয়ের তিন নম্বরে থাকা সাকিব।
বিসিবির নিষেধাজ্ঞায় ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সর্বশেষ সিরিজে খেলতে পারেননি সাকিব।
