জনসন, ওয়ার্নার, ম্যাথিউসের সঙ্গে সাঙ্গার লড়াই
আবারও আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতার সুযোগ এসেছে কুমার সাঙ্গাকারার সামনে। ২০১২ সালের পুরস্কার জয়ী শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানের পুরস্কারটির জন্য লড়তে হবে অস্ট্রেলিয়ার জুটি মিচেল জনসন ও ডেভিড ওয়ার্নার এবং স্বদেশি অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে।
সাঙ্গাকারার তিন প্রতিপক্ষ এর আগে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতেননি। এলজি আইসিসি পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বুধবার প্রকাশ করে।
মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এই সময়ের মধ্যে খেলা ৮ টেস্টে ১ হাজার ৬৬ রান করেন।
ম্যাথিউস এই সময়ে টেস্টে অভাবনীয় ব্যাট করেন। ৯২.২৮ গড়ে ১ হাজার ২৯২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক।
তবে এ দুজনের চেয়ে এগিয়েই আছেন সাঙ্গাকারা। ১১ টেস্টে ১ হাজার ৫০২ রান করে এই সময়ের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭৫-এর চেয়ে বেশি গড়ে এই রান তোলার পথে সাঙ্গাকারা ৪টি শতক ও ৯টি অর্ধশতক করেন।
এই সময়টাতে টেস্টে বল হাতে অনন্য ছিলেন অস্ট্রেলিয়ার পেসার জনসন। ১৫.২৩ গড়ে ৫৯টি উইকেট নেন তিনি। এর মধ্যে আছে দুবার ইনিংসে ৫ উইকেট শিকারের ঘটনা এবং একবার ম্যাচে ১০ উইকেট শিকার।
এবার ১১তম বছরে পা রাখছে এলজি আইসিসি অ্যাওয়ার্ড। আগামী ১৪ নভেম্বর পুরস্কার জয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।
