আইসিসির ওয়ানডে দলে টানা ৭ বার ধোনি
টানা সাত বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর পঞ্চমবারের মতো বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সব মিলিয়ে আটবার বর্ষসেরা ওয়ানডে দলে থাকলেন ধোনি। এর আগেও দলে থাকাদের মধ্যে এবারের বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের বিরাট কোহলি ও শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিস।
ডি ভিলিয়ার্স এর আগে তিনবার আইসিসির ওয়ানডে দলে ছিলেন (২০১০, ২০১১ ও ২০১৩)। বিরাট কোহলি ও মেন্ডিস এর আগে এক বার করে দলে সুযোগ পেয়েছিলেন। মেন্ডিস ছিলেন ২০০৯ সালে, আর কোহলি ২০১২ সালে।
আইসিসির প্রধান কার্যালয় দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে বুধবার দলটি ঘোষণা করেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। ভারতের এই সাবেক অধিনায়কের নেতৃত্বে একটি নির্বাচক কমিটি এই দল বাছাই করে।
খেলোয়াড়দের ২০১৩ সালের ২৬ অগাস্ট থেকে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতেই এই নির্বাচন করা হয়েছে বলে জানান কুম্বলে।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বিরাট কোহলি (ভারত), জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মহেন্দ্র সিং ধোনি (ভারত, অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), জেমস ফকনার (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ সামি (ভারত), অজান্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত, দ্বাদশ)।
