২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানে খুশি, এবার দ্রুত অলআউট চান কোচ

খুলনা টেস্টে বাংলাদেশের খেলায় খুশি কোচ চন্দিকা হাথুরুসিংহে। তৃতীয় দিন যত দ্রুত সম্ভব অতিথিদের অলআউট দেখতে চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 07:57 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের ৪৩৩ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান।

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা হাথুরুসিংহে বলেন, “আজকের পারফরম্যান্সে আমি খুশি। ব্যাটসম্যানরা ভালো খেলেছেন। এমন কন্ডিশন ও জিম্বাবুয়ের রক্ষণাত্মক ফিল্ডিংয়ের পরও আজ বেশ দ্রুত গতিতে রান তুলেছে।”

আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে সাড়ে চারশ’র কাছাকাছি গিয়ে বাংলাদেশ অলআউট হয়ে গেলেও শিষ্যদের প্রশংসাই করলেন কোচ।

“গতকালের গড়া ভিতের ওপর দাঁড়িয়ে আজ আমরা ভালো খেলেছি। প্রথম টেস্টে যা হয়েছিল তার তুলনায় এই ব্যাটিংয়ে আমি খুশি।”

প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টেও স্পিনারদের কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রত্যাশা হাথুরুসিংহের। “আমরা যতো দ্রুত সম্ভব তাদের অলআউট করতে চাই। তবে এটা সহজ হবে না। তবে বোলারদের ওপর আমার আস্থা আছে। আশা করি, তাড়াতাড়িই ওদের অলআউট করতে পারব।”