২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এবার শতক পেলেন সাকিব

শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের টেস্টে মাত্র তিন রানের জন্য শতক না পাওয়ার হতাশায় পুড়তে হয়েছিল সাকিবকে। জিম্বাবুয়ের বিপক্ষে শতকে পৌঁছে এবার সেই আক্ষেপ দূর করেছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 01:19 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

খুলনায় দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের পর শতক পান সাকিব। এটি টেস্টে তার তৃতীয় শতক।

সোমবার প্রথম দিনের শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হলে ক্রিজে আসেন সাকিব। দ্বিতীয় নতুন বলে খেলতে হলেও বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার দ্বিতীয় দিনের শুরু থেকেই রান গতি বাড়াতে থাকেন সাকিব। এক প্রান্তে তামিম ইকবাল নিজেকে খোলসবন্দি করে রাখলেও সাকিবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম ঘণ্টায় ৫৭ রান যোগ করে বাংলাদেশ।

মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় সাকিবের সংগ্রহ ছিল ৮৯ রান। ৭১ বলে অর্ধশতকে পৌঁছানো এই ব্যাটসম্যান শতকে পৌঁছান দ্বিতীয় সেশনের পানি বিরতির পর। ১৫৩ বলে নিজের রান তিন অঙ্কে নিয়ে যাওয়ার পথে ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

ম্যালকম ওয়ালারের বলে বোল্ড হওয়ার আগে ১৩৭ রান করেন সাকিব। তার ১৮০ বলের ইনিংসটি ১৮টি চার ও ২টি ছক্কায় সাজানো।

২০১০ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডে নিজের প্রথম শতক পান সাকিব। ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে দ্বিতীয় শতকে পৌঁছান তিনি।

২০১২ সালে খুলনার অভিষেক টেস্টে ৯৭ রান করে আউট হয়েছিলেন সাকিব। সেই ম্যাচেই মোহাম্মদ রফিককে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নিজের করে নেন সাকিব।