যতক্ষণ সম্ভব ব্যাট করবে বাংলাদেশ
দ্বিতীয় টেস্টের প্রথম দিন স্কোর বোর্ডে রান খুব বেশি না উঠলেও কম উইকেট হারানোয় সন্তুষ্ট বাংলাদেশ শিবির। নিজেকে দৃঢ় অবস্থানে পৌঁছে দিতে প্রথম ইনিংসে যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় তারা।
সোমবার টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দিন শেষে সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। তামিম ইকবাল ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রানে ব্যাট করছেন।
প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “আমরা যত সম্ভব বেশি সময় ব্যাটিং করতে চাই। রান হয়তো সাড়ে চারশ’-পাঁচশ’ হতে পারে। তবে আমাদের লক্ষ্য, প্রথম ইনিংসে যত বেশি সম্ভব রান করা।”
“ম্যাচের অবস্থা কি হবে, এটা নির্ভর করছে কালকের প্রথম সেশনের ওপর। তখন আমরা যদি কম উইকেট হারাই তাহলে আমরা সুবিধা কাজে লাগাতে পারবো।”
সারা দিনে মাত্র তিনটি উইকেট হারানোয় খুশি মাহমুদুল্লাহ। এই অলরাউন্ডার জানান, প্রথম দিন পরিকল্পনা অনুযায়ীই খেলেছে স্বাগতিকরা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পিচ ভালো হলেও এখানে রান পাওয়া কঠিন বলে মনে করেন মাহমুদুল্লাহ।
“উইকেট একটু মন্থর ছিল। এখানে বাউন্স হচ্ছে না; বরং একটু নিচু হচ্ছে। বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। ধৈর্য্য ধরে বাজে বলের জন্য অপেক্ষা করতে হয়। আমাদের ব্যাটসম্যানরা শট নির্বাচনে খুব হিসেবী ছিল।”
