ইনিংস বড় করতে না পারার হতাশা রিয়াদের
বাজে সময় পেছনে ফেলে ছন্দে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ইনিংস বড় করতে না পারায় সেই আনন্দ উপভোগ করতে পারছেন না এই অলরাউন্ডার।
সোমবার ৫৬ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এ নিয়ে টেস্টে শেষ ছয় ইনিংসের চারটিতেই অর্ধশতকে পৌঁছালেও ইনিংস বড় করতে পারেননি তিনি। তার শেষ ছয় ইনিংসে রান ৬৬, ৫৩, ০, ৬৩, ২৮ ও ৫৬।
খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহর দৃঢ়তায় প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান।
তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে ৯৫ রানের চমৎকার জুটি উপহার দেয়া মাহমুদুল্লাহ ফেরেন দ্বিতীয় নতুন বলে। ৮২তম ওভার শেষে দ্বিতীয় নতুন বল নেয় অতিথিরা। টিনাশে পানিয়াঙ্গারার করা পরের ওভারে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা মাহমুদুল্লাহ বলেন, “ইনিংস বড় না হওয়ায় আমি একটু হতাশ। এখন আমি কিছুটা রানে ফিরেছি, আত্মবিশ্বাসও ভালো; চেষ্টা করছি ইনিংস যতটুকু বড় করা যায়।”
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাওয়া অর্ধশতক দিয়ে মাহমুদুল্লাহ ছন্দে ফিরেন। এর আগের আট ইনিংসে মাত্র দু'বার দুই অঙ্কে পৌঁছাতে পেরেছিলেন তিনি।
ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস পেতে নতুন ‘নিয়ম’ বেধে দেয়া হয়েছে বাংলাদেশ দলে। নিজের অর্ধশতক হলে ব্যাটসম্যানদের ‘দলের জন্য’আরেকটি অর্ধশতক করতে হবে। প্রথম ইনিংসে তা করতে না পারা মাহমুদুল্লাহ আশাবাদী, পরের সুযোগটি কাজে লাগাতে পারবেন তিনি।
